বড় আকারের অনিয়মিত অভিবাসনের চাপ মোকাবিলা এবং ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত আরও নিরাপদ করতে পাঁচ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন।
২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত কমিশনের পরিকল্পনায় ফ্রন্টেক্সকে শক্তিশালী করা, উৎস ও ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো, সীমান্ত নজরদারি উন্নত করা এবং ফেরত পাঠানোর ব্যবস্থা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কমিশনের মতে, ইইউর পূর্ব সীমান্ত থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে নতুন ধরনের অভিবাসন চাপ তৈরি হয়েছে। বিশেষ করে স্পেনের সেউটা অঞ্চলের পরিস্থিতি দেখিয়েছে, অল্প সময়ের মধ্যে বড় সংখ্যায় অনিয়মিত আগমন হলে সীমান্ত ব্যবস্থাপনায় কী ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে।
ইউরোপীয় কমিশন বলছে, ইইউর বর্তমান অভিবাসন কাঠামোর কারণে অনিয়মিত সীমান্ত পারাপার ২০২১ সালের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তবে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় আরও প্রস্তুতি এবং সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
কমিশনের অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের পরিকল্পনায় পাঁচটি প্রধান ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রথমত, অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো।
অভিবাসনের মূল কারণ মোকাবিলা, আগাম সতর্কতা ব্যবস্থা এবং তথ্য বিনিময়ের জন্য উৎস ও ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি বৈধ অভিবাসনের সুযোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
দ্বিতীয়ত, ইইউর বহিঃসীমান্ত আরও শক্তিশালী করা।
জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েনযোগ্য সক্ষমতা বাড়ানো এবং সীমান্তে নজরদারি ও সদস্য দেশগুলোকে অতিরিক্ত সহায়তা দেওয়ার জন্য ফ্রন্টেক্সকে আরও শক্তিশালী করার প্রস্তাব রয়েছে।
তৃতীয়ত, নজরদারি ও আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করা।
সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং নতুন অভিবাসন রুট শনাক্ত করার সক্ষমতা বাড়ানো হবে। অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে পারে—এমন অনলাইন কার্যক্রম ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
চতুর্থত, মানবপাচার ও অভিবাসন চোরাচালান চক্রের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করা।
অভিবাসন চোরাচালান ও মানবপাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে পদক্ষেপ বাড়ানোর পাশাপাশি নিষেধাজ্ঞা, অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সহযোগিতা এবং ইউরোপোলের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
পঞ্চমত, ফেরত পাঠানোর ব্যবস্থা আরও কার্যকর করা।
ইইউতে থাকার বৈধ অধিকার নেই—এমন ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কার্যকর করতে তৃতীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো হবে। এ ক্ষেত্রে ফেরত কার্যক্রমে ফ্রন্টেক্সের ভূমিকা এবং পুরো প্রক্রিয়ার ডিজিটাল ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, পরিকল্পনাটি ১ ও ২ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত ইইউর বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে সদস্য দেশগুলোর সামনে উপস্থাপন করা হবে।
কমিশনের ভাষ্য, ইইউর বহিঃসীমান্ত সুরক্ষা কোনো একক দেশের দায়িত্ব নয়; এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের যৌথ দায়িত্ব। তাই ভবিষ্যৎ অভিবাসন সংকট মোকাবিলায় সদস্য দেশ, ইউরোপীয় সংস্থা এবং কমিশনের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।





