সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তাঁর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশের পাশাপাশি পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের কারণেই তাঁকে নিশানা করা হয়েছে বলে মনে করছেন তাজানি।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা তাঁর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। এতে তিনি নতুন করে হুমকি ও ভীতির মুখে পড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাজানি লেখেন, ‘কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা ডার্ক ওয়েবে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এর ফলে আমি নতুন করে হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছি।’
কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তবে তাঁর পরিবারের সদস্যদেরও হ্যাকাররা লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী।
তাজানির অভিযোগ, ইউক্রেনের বিষয়ে ইতালির অবস্থানের কারণেই তাঁকে লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হয়েছে।
এক্সে দেওয়া পোস্টে তিনি আরও লেখেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং কোনো দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি স্পষ্ট সমর্থন জানানো—এসব অপরাধী গোষ্ঠীর চোখে বিপজ্জনক।’
রুশপন্থী হ্যাকারদের দায়ী করলেন মেলোনি
এ ঘটনায় রুশপন্থী হ্যাকারদের দায়ী করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পররাষ্ট্রমন্ত্রী তাজানির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গোপন তথ্য বিক্রি করা গুরুতর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
তবে এ অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইউক্রেনকে ইতালির সমর্থন
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ চলছে।
যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইতালি। দেশটিকে মানবিক ও সামরিক সহায়তাও দিয়ে আসছে রোম।
সূত্র: বিবিসি






