কমিউনিটির প্রত্যাশা পূরণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্য সামনে রেখে দিনব্যাপী ওয়ার্কশপ ও গেট-টুগেদারের আয়োজন করেছে চ্যানেল এস টেলিভিশনের সংবাদ বিভাগ। পরিবর্তনশীল গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা ও সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী সরাসরি ও অনলাইনে অংশ নেন।
মঙ্গলবার লন্ডনে চ্যানেল এসের স্টুডিওতে অনুষ্ঠিত এ আয়োজনে যুক্তরাজ্য, ইউরোপ, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে কর্মরত সংবাদ বিভাগের প্রতিনিধিরা একত্রিত হন। যুক্তরাজ্যভিত্তিক প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিনিধিরা অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার বিভিন্ন পর্বে অংশ নেন। এ সময় চ্যানেল এসের লন্ডন কার্যালয়ে কর্মরত সংবাদকর্মী, সংবাদ উপস্থাপক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া জোরদার এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় এ আয়োজনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। এর মধ্য দিয়ে চ্যানেল এস পরিবারের সদস্যদের মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়।






টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে গুরুত্ব
চ্যানেল এসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের উপস্থাপনায় দিনব্যাপী কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা, স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মিডিয়া এবং কমিউনিটির সঙ্গে কার্যকর যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আধুনিক গণমাধ্যমের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংবাদকর্মীদের দক্ষতা বাড়ানো, বাস্তব অভিজ্ঞতা বিনিময় এবং সংবাদ পরিবেশনের মান উন্নয়নে প্রশিক্ষকদের দিকনির্দেশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী, হেড অব নিউজ মিল্টন রহমান এবং নির্বাহী সম্পাদক ও হেড অব বিজনেস মোস্তাক বাবুল। তাঁদের বক্তব্যে সংবাদ বিভাগের পেশাগত বিকাশ, মানসম্মত সাংবাদিকতা এবং দর্শক ও কমিউনিটির প্রত্যাশা পূরণের বিষয়গুলো গুরুত্ব পায়।


অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন চ্যানেল এস টেলিভিশনের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

অভিজ্ঞ সংবাদকর্মীদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা
কর্মশালার বিভিন্ন পর্বে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার ডক্টর জাকি রেজওয়ানা আনোয়ার, হাসান রহমান পলক, মিল্টন রহমান, এইচ এম মাহাদী, মার্স শিপ্লু এবং আসাদুজ্জামান চৌধুরী। তাঁরা নিজ নিজ অভিজ্ঞতা ও পেশাগত জ্ঞান তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কমিউনিটির সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্ক আরও জোরদার করা এবং দর্শকদের চাহিদা বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে কথা বলেন চ্যানেল এসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান ও সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদ।





এ ছাড়া অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চ্যানেল এসের সিলেট অফিসের হেড অব নিউজ মঈন উদ্দিন মনজু এবং ইউরোপের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদ।
বস্তুনিষ্ঠ ও দর্শকবান্ধব সাংবাদিকতার ওপর গুরুত্ব
কর্মশালায় অংশগ্রহণকারীরা আলোচ্য বিষয়গুলো নিয়ে সরাসরি প্রশ্ন করার পাশাপাশি প্রশিক্ষকদের কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনা নেওয়ার সুযোগ পান। অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনার মানোন্নয়নের বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে।
গণমাধ্যমের পরিবর্তিত পরিবেশে দর্শকদের প্রত্যাশা ও সংবাদমাধ্যমের দায়িত্বের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদকর্মীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, কর্মশালা থেকে পাওয়া অভিজ্ঞতা ও দিকনির্দেশনা ভবিষ্যতে আরও তথ্যবহুল, বস্তুনিষ্ঠ ও দর্শকবান্ধব সংবাদ পরিবেশনে সহায়ক হবে।
অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট বিতরণ
কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ও ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী।



















আয়োজনের সঙ্গে যুক্ত প্রশিক্ষক, অংশগ্রহণকারী সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান চ্যানেল এসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান।
পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং কমিউনিটির প্রত্যাশা অনুযায়ী মানসম্মত সংবাদ পরিবেশনের লক্ষ্যকে সামনে রেখে চ্যানেল এসের সংবাদ বিভাগের এ আয়োজন অনুষ্ঠিত হয়।






