‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলা অডিটোরিয়ামে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর ফুলগাজী সরকারি হাই স্কুল মাঠ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড ও কৃষি সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে।
জানা গেছে, তিন ধাপে দেশের কৃষকদের ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। মোট পাঁচটি শ্রেণিতে ভাগ করে কৃষকদের এ কার্ড দেওয়া হচ্ছে। কার্ডধারীরা ন্যায্যমূল্যে বীজ, সার, কীটনাশক, সেচ সুবিধা, কৃষিঋণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহায়তাসহ মোট ১০ ধরনের সরকারি সেবা ও সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুল করিম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মহসীন আলী, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. টিপু সুলতান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কৃষক ও সুবিধাভোগীরা অনুষ্ঠানে অংশ নেন।
মোশারফ হোসেন, কুষ্টিয়া





