শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা-অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা-অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে আরও ছয়টি মামলা বিচারাধীন।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া ৬৭৩টি মামলার মধ্যে ৪৫৭টি হত্যা-সংক্রান্ত। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁর মৃত্যুদণ্ড হয়েছে।

গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে একটি ই-মেইল হাইকমিশন পেয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে প্রথম আলো। তবে ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না বলে সূত্রটি জানিয়েছে।

এ প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং মৃত্যুদণ্ডের বিষয়টি আবার আলোচনায় এসেছে।

গ্রেপ্তারি পরোয়ানা ও মৃত্যুদণ্ড

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন, ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওই মামলার রায় ঘোষণা করা হয় ২০২৫ সালের ১৭ নভেম্বর। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনও করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে এখনো রেড নোটিশ জারি হয়নি।

গত ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনও করা হয়েছে।

আপিল করেননি শেখ হাসিনা

যে মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, সেই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১৩ জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় নির্ধারিত রয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তাঁর আর আপিল করার সুযোগ নেই।

মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। চিঠিতে দুই দণ্ডিত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের আরও ছয় মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আরও ছয়টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে এবং চারটি রয়েছে অভিযোগ গঠনের পর্যায়ে। সব কটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ আসামি ১৭ জন। তাঁদের মধ্যে বর্তমান ও সাবেক ১২ জন সেনা কর্মকর্তা রয়েছেন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের ঘটনায় করা মামলায় আসামি ১৩ জন। শেখ হাসিনা ছাড়া বাকি ১২ জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। দুটি মামলাই এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। ২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ আসামি ১১ জন। মামলা দুটি বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ট্রাইব্যুনাল-২-এ আরও দুটি মামলা অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ নয় তরুণকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ সাতজনকে হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ আসামি ১০ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রথম আলোকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি দেশে ফিরলে তা কার্যকর করা হবে। একই সঙ্গে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতেও তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।

সূত্র: প্রথম আলো

সপ্তাহের সেরা আলোচিত খবর

সরকারি বাসা থেকে সাবলেট ও ভাড়াটে সরাতে এবার অভিযান

৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা ছাড়ার নির্দেশ দেওয়ার পরও...

Government ‘Looking Seriously’ at Banning Under-16s from Vinted and eBay

Vinted and eBay could be added to the UK’s...

King Leads Solemn Remembrance Sunday Service at Cenotaph

King Charles III has led the Royal Family, political...

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, অভিযোগের তির রাশিয়ার দিকে

সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও...

Related Articles

spot_imgspot_img