নার্স ও মিডওয়াইফদের পেশাগত মর্যাদা, কর্মসন্তুষ্টি, জীবনমান ও দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে চায় সরকার।
দেশের নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
আজ ১৬ নভেম্বর ২০২৬, ঢাকার ঢাকা নার্সিং কলেজের ডা. মিলন স্মৃতি মিলনায়তনে স্নাতক নার্সিং, স্নাতকোত্তর নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিনের অবহেলিত ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক, জনবান্ধব ও মানসম্মত ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ উদ্যোগের অন্যতম অগ্রাধিকার হলো নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার গুণগত মান বাড়ানো, দক্ষ মানবসম্পদ তৈরি, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং নার্স ও মিডওয়াইফদের কর্মপরিবেশ, কর্মসন্তুষ্টি ও জীবনমানের উন্নয়ন।
অনুষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নার্স ও মিডওয়াইফদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ড. জিয়াউদ্দিন হায়দার তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শিক্ষার্থীরা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত ভবিষ্যৎ, কর্মসংস্থান, পদোন্নতি, কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে কাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত বিনিয়োগ, দক্ষ জনবলের ঘাটতি এবং স্বাস্থ্যকর্মীদের পেশাগত অসন্তুষ্টির মতো সমস্যার মুখোমুখি। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য অর্থায়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলা ও জেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং চিকিৎসক, নার্স ও মিডওয়াইফসহ স্বাস্থ্যকর্মীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সমন্বিত সংস্কার নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কার্যকর স্বাস্থ্যব্যবস্থা শুধু চিকিৎসক বা হাসপাতালের ওপর নির্ভর করে না। রোগীর পাশে সবচেয়ে বেশি সময় থাকেন নার্সরা। অন্যদিকে নিরাপদ মাতৃত্ব, স্বাভাবিক প্রসব, নবজাতকের পরিচর্যা এবং মাতৃ ও শিশুমৃত্যু কমাতে মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ দুই পেশার উন্নয়ন ছাড়া স্বাস্থ্যব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ শিক্ষক তৈরি, ব্যবহারিক ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
রোগীর নিরাপত্তা, সংক্রমণ প্রতিরোধ, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থাপনা, জরুরি চিকিৎসাসেবা এবং মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও প্রতিযোগিতা করতে পারেন।
তিনি বলেন, ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, জাপানসহ বিভিন্ন দেশে দক্ষ নার্স ও মিডওয়াইফদের চাহিদা রয়েছে। এসব অঞ্চলে জনসংখ্যার বার্ধক্য এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণের কারণে দক্ষ স্বাস্থ্যকর্মীর প্রয়োজন বাড়ছে।

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা, ভাষাগত দক্ষতা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পেশাগত সনদ অর্জনের সুযোগ দেওয়া গেলে নার্সিং ও মিডওয়াইফারি খাত বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়ের অন্যতম বড় উৎস হয়ে উঠতে পারে বলে তিনি মনে করেন।
তবে সরকারের লক্ষ্য শুধু বিদেশে কর্মী পাঠানো নয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন, দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাগতভাবে যোগ্য নার্স ও মিডওয়াইফ তৈরি করাই মূল উদ্দেশ্য। এ জন্য আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম, ভাষা প্রশিক্ষণ, দক্ষতার স্বীকৃতি, পেশাগত নিবন্ধন এবং বিদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় দক্ষ নার্স ও মিডওয়াইফের সরবরাহ নিশ্চিত করার কথাও বলেন তিনি। তাঁর মতে, দেশীয় চাহিদা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগের মধ্যে পরিকল্পিত ভারসাম্য রাখা সরকারের স্বাস্থ্য মানবসম্পদ উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
নিরাপদ স্বাভাবিক প্রসবসেবা সম্প্রসারণের পরিকল্পনা
মিডওয়াইফারি শিক্ষার্থীদের উদ্দেশে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে নিরাপদ স্বাভাবিক প্রসবসেবা সম্প্রসারণ সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, উপজেলা পর্যায়েই মানসম্মত ও সমন্বিত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার সক্ষমতা গড়ে তুলতে চায় সরকার। এতে সাধারণ ও জটিল প্রসবকালীন সেবার জন্য নারীদের অপ্রয়োজনে দূরবর্তী হাসপাতালে যেতে হবে না।
এ লক্ষ্য অর্জনে দক্ষ মিডওয়াইফ তৈরি, তাঁদের যথাযথ পদায়ন, প্রয়োজনীয় অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নে উদ্যোগ
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নার্স ও মিডওয়াইফদের কাছ থেকে উন্নত সেবা প্রত্যাশা করতে হলে তাঁদের জন্য সম্মানজনক, নিরাপদ ও সন্তোষজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
এ লক্ষ্যে পেশাগত উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য সুযোগ-সুবিধা, উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ, দক্ষতাভিত্তিক পদোন্নতি এবং নেতৃত্বের সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের কর্মসন্তুষ্টির সঙ্গে রোগীর সেবার মানের সরাসরি সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে যথাযথ মর্যাদা, নিরাপত্তা, পেশাগত উন্নয়নের সুযোগ এবং আর্থিক ও সামাজিক স্বীকৃতি পেলে নার্স ও মিডওয়াইফরা আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।
নার্সিং ও মিডওয়াইফারিকে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করার ওপরও গুরুত্ব দেন তিনি, যাতে মেধাবী তরুণ-তরুণীরা এ পেশায় নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পান।
শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন, ইংরেজিসহ বিদেশি ভাষা শেখা, গবেষণামুখী মনোভাব গড়ে তোলা এবং রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পেশাজীবী হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নার্স ও মিডওয়াইফরা শুধু স্বাস্থ্যসেবার সহায়ক জনশক্তি হিসেবে নয়, বরং স্বাস্থ্যব্যবস্থার অপরিহার্য নেতৃত্বদানকারী পেশাজীবী হিসেবে স্বীকৃতি পাবেন। তাঁরা দেশের মানুষের সেবা করবেন, একই সঙ্গে বিশ্বব্যাপী নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সরকারের স্বাস্থ্য খাতের সংস্কার পরিকল্পনা, নার্সিং ও মিডওয়াইফারি পেশার ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। প্রধান অতিথি তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি পেশাগত উন্নয়নে শিক্ষার্থীদের প্রত্যাশা ও মতামত শোনেন।
নবীনবরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থার রূপান্তরে ভবিষ্যৎ নার্স ও মিডওয়াইফদের ভূমিকা এবং তাঁদের সামনে তৈরি হওয়া সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে।






