নরসিংদী সদর উপজেলার পূর্ব দগরপাড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাখাওয়াত হোসেন সাখু (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে শাখাওয়াত হোসেন সাখু’র বসতঘর থেকে একটি পিস্তল ও পিস্তলে লোড অবস্থায় চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাখু ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র ও মাদকসংক্রান্ত মোট তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নরসিংদী জেলা পুলিশের তথ্যমতে, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মো. খায়রুল ইসলাম, নরসিংদী, চ্যানেল এস




