রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তাঁর ধারণা, হামলাকারীরা দীর্ঘদিন ধরে তাঁর চলাফেরা পর্যবেক্ষণ করছিল। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
‘আমার শত্রু কারা হইতে পারে, এটা আমি জানি না। কিন্তু মাইরা ফেলার মতো কাজ আমি করছি, এটা মনে করি না।’
শনিবার রাতে প্রথম আলোকে মুঠোফোনে দেওয়া প্রতিক্রিয়ায় এভাবেই নিজের অনুভূতির কথা জানান আসিফ আকবর।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে তাঁর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এক দুর্বৃত্ত। ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর বা তাঁর চালক—কেউই ছিলেন না। চালকের পেছনের আসন লক্ষ্য করে ছোড়া গুলিতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
‘আমার গতিবিধি রেকি করা হয়েছে’
আসিফ আকবরের ধারণা, তাঁর প্রতিদিনের চলাফেরা সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল হামলাকারীর।
তিনি বলেন, নিজের মতামত তিনি প্রকাশ্যে বলেন এবং লেখেন। তবে কারও সঙ্গে দীর্ঘমেয়াদি শত্রুতা রয়েছে বলে তাঁর জানা নেই।
আসিফের ভাষ্য, হামলাকারীরা জানত, ফজরের নামাজের পরপরই তিনি সাধারণত নিচে নামেন এবং কোন দিক দিয়ে বের হন। গুলি যে জায়গায় করা হয়েছে, তা বিবেচনা করে তাঁর মনে হয়েছে, হামলাকারীরা তাঁর শারীরিক গঠন সম্পর্কেও ধারণা রাখত।
তবে এগুলো তাঁর ব্যক্তিগত ধারণা। হামলার উদ্দেশ্য বা এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি।
ছেলের ফোনকলে বদলে যায় সকালের সময়সূচি
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আসিফ আকবর জানান, সেদিন সকালে বড় ছেলে কানাডা থেকে তাঁকে ফোন করেছিলেন। কথা বলার একপর্যায়ে ছেলে জানায়, সে মাগরিবের নামাজ পড়বে। কানাডায় তখন মাগরিবের সময় হলেও বাংলাদেশে ছিল ফজরের সময়।
ছেলে পাঁচ মিনিট পর আবার ফোন করতে চাওয়ায় তাঁর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করেন আসিফ। পরে তিনি জানান, স্বাভাবিক সময়ের তুলনায় ২৭ মিনিট দেরিতে নিচে নামেন।
এই সময়ের পরিবর্তনই হয়তো তাঁকে গুলির ঘটনা থেকে দূরে রেখেছিল বলে মনে করছেন তিনি।
আসিফ বলেন, প্রতিদিনের অভ্যাস অনুযায়ী কাঁধে ব্যাগ নিয়ে বের হন তিনি। সাধারণত তাঁর সঙ্গে অন্য লোকজন থাকলেও সেদিন তিনি একাই ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর সকালের রুটিন এমন বলে জানান এই সংগীতশিল্পী।
স্পষ্ট বক্তব্যের কারণে শত্রু তৈরি হয়েছিল কি?
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্পষ্ট বক্তব্যের কারণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকতে পারেন বলে মনে করেন আসিফ আকবর।
তিনি বলেন, অন্যায় মনে হলে তিনি তা নিয়ে কথা বলেন। কে কত বড় বা ক্ষমতাবান, তা বিবেচনা না করেই কখনো নিজের মতামত প্রকাশ করেছেন।
তবে তাঁর বিশ্বাস, এ কারণে কারও সঙ্গে মতবিরোধ তৈরি হলেও তা তাঁকে হত্যার চেষ্টা করার মতো পরিস্থিতির ব্যাখ্যা হতে পারে না।
বাংলাদেশে কেউ তাঁকে মেরে ফেলতে চাইতে পারে—এই ভাবনাই তাঁর জন্য কষ্টের বলে জানান তিনি।
আসিফ আরও বলেন, প্রায় ৪০ দিন ধরে তিনি ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ রেখেছেন। বর্তমানে শুধু ইউটিউব ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন।
সন্দেহভাজনকে শনাক্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষা
পুলিশ জানিয়েছে, মগবাজার মোড় থেকে মালিবাগের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক দুর্বৃত্ত গুলি চালিয়ে পালিয়ে যায়।
এখনো সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি। বিশাল সেন্টার ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাঁকে শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে আসিফ আকবর জানান, তিনি মামলা করবেন। তাঁর মতে, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এখনো হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো






