জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) যাত্রাবাড়ী এলাকায় ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে এ গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর অনুষ্ঠিত সংসদ নির্বাচন এবং নতুন জাতীয় সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর অভিযোগ, সংসদে বিরোধী দলের বক্তব্য ও জনগণের কণ্ঠস্বর যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এ কারণে বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তাঁর দাবি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
এ ছাড়া জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীর পদত্যাগ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি। সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এ প্রক্রিয়া বন্ধ করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে মেয়র প্রার্থী ঘোষণার বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা কোনো ব্যক্তির নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে নিয়োগ পাওয়া কোনো প্রশাসকই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





