যুক্তরাজ্যের নিউহ্যাম কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী ফরহাদ হোসেন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। স্থানীয় নির্বাচনে পাঁচ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।
এই বিজয়ের মাধ্যমে তিনি ইতিহাস গড়েছেন। কারণ, ফরহাদ হোসেন হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্যক্তি, যিনি নিউহ্যাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন। রাজনৈতিক অঙ্গনে তার এই জয়কে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
ফলাফল ঘোষণার পর তিনি বলেন, এই জয় শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি নিউহ্যাম এলাকার উন্নয়ন, জনসেবা এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনে লেবার পার্টির প্রার্থীরা ভালো ফল করেছে। দলটি মোট ২৬ জন কাউন্সিলর আসন পেয়েছে। স্বাধীন প্রার্থীরা পেয়েছে ২৪ জন এবং গ্রিন পার্টি পেয়েছে ১৬টি আসন।
বিশ্লেষকদের মতে, এই ফলাফল নিউহ্যাম কাউন্সিলে লেবার পার্টির শক্ত অবস্থান আরও সুসংহত করেছে এবং ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব বজায় থাকবে।





